অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামে অবস্থিত নথ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেডে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লে অর্ধশতাধিক নারী শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ১৪ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি হওয়া আহত শ্রমিকরা হলেন, রুনা খাতুন (২২), শিউলি (৪৫), রুবিনা খাতুন (৬২), গীতা রানী (৪০), নুপুর (১২), শারমিন (১৮), জান্নাতুল ফেরদৌস (২৫), রেশমা (৩৫), লাবনী আক্তার (১৯), রূপা খাতুন (১৮), কৌশী রায় (১৫) ও জাহানারা খাতুন (২১) সহ মোট ১৪ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামে কয়েক বছর আগে চীনা মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। কারখানাটিতে আশপাশের এলাকার কয়েক হাজার নারী ও কিশোরী শ্রমিক কর্মরত রয়েছেন। বুধবার সকালে হঠাৎ কারখানার ভেতরে অজানা কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকরা দিকবিদিক ছোটাছুটি শুরু করলে অনেকে পড়ে গিয়ে আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং গুরুতর আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানির কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তাং-৪/০২/২৬ইং