দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে প্রায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ১১:২৪
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ১৩ এর বিশেষ অভিযানে ৯ হাজার ৮৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে 
র‌্যাব জানায়, বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্র ধারণ করে এলিট ফোর্স র‌্যাব মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। 

 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে সৈয়দপুর থেকে দশমাইলগামী একটি গোল্ডেন লাইন বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় দুই আসামির দেহ ও ব্যবহৃত কালো রঙের ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৯ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, মাহামুদুল হাসান (৩০), পিতা বালা মাতুব্বর এবং মোঃ রাজু প্রামাণিক (৪২), পিতা মৃত আলম প্রামাণিক। তারা দুজনই ফরিদপুর জেলার নগরকান্দা থানার বাসিন্দা।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। মাদক পরিবহন ও ব্যবসার জন্য তারা নানান কৌশল অবলম্বন করত।

 

পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব ১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


তাং-৯/০২/২৬ইং
 

শেয়ার করুন