অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৭:১৮
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় র্যাব-১৩ এর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই মহড়া পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এর ধারাবাহিকতায় রংপুর বিভাগের সকল জেলার ঝুঁকি পর্যালোচনা করে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে যৌথ বাহিনীর এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পঞ্চগড় জেলার বোদা মডেল পাইলট স্কুল থেকে একটি যৌথ মহড়া শুরু হয়ে পাঁচপীর ও সাকুয়া এলাকা প্রদক্ষিণ করে দুপুর ২টা ৪০ মিনিটে বোদা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বোদা উপজেলা প্রশাসন, র্যাব-১৩ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
এছাড়া একই দিন দুপুর ২টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঠাকুরগাঁও-২ আসনের হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাব-১৩ এর সদস্যরা অংশগ্রহণ করেন।
অপরদিকে, নীলফামারী জেলার ডিমলা উপজেলা ও নাওতারা ইউনিয়ন এলাকায় সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত র্যাব-১৩ সহ যৌথ বাহিনীর আরেকটি মহড়া অনুষ্ঠিত হয়। ডিমলা থানা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই মহড়া পরিচালিত হয়। এতে র্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্প, বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অংশ নেয়। মহড়ার মাধ্যমে সশস্ত্র টহল, যানবাহন তল্লাশি ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে এলাকাবাসীর মাঝে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়।
এছাড়া একই দিনে বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত রংপুর জেলার মিঠাপুকুর এলাকায় আরও একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন, র্যাব-১৩, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন।
র্যাব-১৩ জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে শান্তিপূর্ণ করতে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা, গুজব, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাং-১০/০২/২৬ইং
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।